বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে এবার হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাকিব মিয়া। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে কনের বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দেখা যায় এ দৃশ্য। পরিবারের একমাত্র ছেলের বিয়েতে মা-বাবার শখ পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বরের বোন।
সাকিব উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সাইদ আলীর ছেলে। শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একমাত্র দুলাভাই। পরিবারের অন্য সদস্য ও বরযাত্রীরা মাইক্রোবাসে করে রওনা হন।
বিকেল সাড়ে ৫টার দিকে সাকিব পৌঁছান ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়িতে। হাতির পিঠে বরের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে সেখানে জড়ো হন শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ।
বর সাকিব মিয়া একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কনে সুরাইয়া আক্তার একই উপজেলার হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার বড় মেয়ে।
বরের বোন জানান, পরিবারের একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে এবং মা-বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে বরযাত্রার আয়োজন করা হয়েছে।
Leave a comment