গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের টাকা বহনকারী একটি গাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ কর্মকর্তা। এ ছাড়া গাড়ির চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।
তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। ব্যক্তিগত একটি গাড়িতে করে ওই টাকা পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমানের ভাষ্য, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পরে পিস্তল দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে। এরপর গাড়িতে থাকা নগদ টাকার বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। প্রাথমিকভাবে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment