সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে হুতিরা।
শুক্রবার (৯ অক্টোবর) দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবে দুটি হামলা চালানো হয়। প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলায় একটি উড়োজাহাজকে নিশানা করা হয়।
সৌদি সরকারের বিবৃতিতে সরাসরি হামলার জন্য কাউকে দায়ী করা না হলেও হুতিরা দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরে হামলা চালিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া গ্রুপ জানিয়েছে, নিহতদের মধ্যে ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামী রয়েছেন। সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এই প্রথম সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি হামলার শিকার হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা তাদের একটি উড়োজাহাজ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই উড়োজাহাজে কোনো যাত্রী ছিলেন না।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সৌদি নাগরিক ও বিদেশি পর্যটকদের মধ্যে হতাহত হয়েছেন। আহতদের অবস্থা হালকা থেকে গুরুতর পর্যায়ের। হামলার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে সৌদিয়া গ্রুপ।
হুতিদের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থন করায় সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে সৌদি আরব বলছে, তারা ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারকে দেশটির ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযানে সহায়তা করছে।
Leave a comment