Home জাতীয় হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম
জাতীয়

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

Share
Share

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং নদীর পরিবেশগত সংকট মোকাবিলার মাধ্যমে উৎপাদন বাড়ানোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, দূষণ, নাব্যতা সংকট ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উজানের দিকে ইলিশের বিচরণ কমেছে। ডিম থেকে ফুটে বের হওয়ার পর রেণু ইলিশ বড় হওয়ার জন্য চাঁদপুরের নদী এলাকায় আসে। নদীর জলাশয় কীভাবে কার্যকরভাবে ব্যবহার করে ইলিশের উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে গবেষণা চলছে।

ড. তায়েফা আহমেদ বলেন, তাঁদের কেন্দ্রে বর্তমানে ছয়টি প্রকল্প চলছে। এর মধ্যে ‘পপুলেশন ডায়নামিকস অ্যান্ড স্টক অ্যাসেসমেন্ট অব টেনুয়ালোসা ইলিশা ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ইলিশের মজুত, বিচরণ ও উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, রূপালি ইলিশের প্রাচুর্য আবারও চাঁদপুরে ফিরবে।

উৎপাদনের চিত্র

গবেষকদের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনায় উৎপাদন হয়েছিল ৩৩ হাজার ৯৯২ মেট্রিক টন।

২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে ইলিশের উৎপাদন কমে প্রায় ৫ লাখ মেট্রিক টনে দাঁড়ালেও চাঁদপুরে উৎপাদন বেড়ে হয় ৩৫ হাজার ৪৭২ মেট্রিক টন। সংশ্লিষ্টরা এটিকে ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন সমন্বিত উদ্যোগের ফল হিসেবে দেখছেন। তবে ইলিশের ডিম উৎপাদন, রেণু পোনা ও জাটকা বেঁচে থাকার হার কমে যাওয়ায় ভবিষ্যৎ উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সারাদেশে ইলিশের ডিম উৎপাদন হয়েছিল ৮ লাখ ৮৪ হাজার ৮০২ কেজি। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৭ লাখ ৯১ হাজার ৫৬৪ কেজিতে।

গবেষণার হিসাবে, ৫০ শতাংশ হ্যাচিং হার ধরে ২০২৪ সালে প্রায় ৪ লাখ ৪২ হাজার ৪০১ কোটি রেণু পোনা জলাশয়ে এলেও পরবর্তী সময়ে এর ১০ শতাংশ বেঁচে প্রায় ৪৪ হাজার ২৪০ কোটি জাটকায় পরিণত হয়। ২০২৫ সালে রেণু পোনার সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার ৭৮২ কোটি। এর মধ্যে ১০ শতাংশ বেঁচে জাটকা হয়েছে প্রায় ৩৯ হাজার ৫৭৮ কোটি।

হতাশ জেলেরা, বাড়ছে দাম

ইলিশের উৎপাদন ও নদীতে মাছের উপস্থিতি কমে যাওয়ায় চাঁদপুরের জেলেদের মধ্যেও হতাশা বাড়ছে।

রাজরাজেশ্বরের জেলে বাচ্চু বেপারি বলেন, গতবারের তুলনায় এবার ইলিশ অনেক কম পাওয়া যাচ্ছে। পদ্মায় জাল ফেললেও মাছের সন্ধানে জাল টানতে টানতে মেঘনায় চলে আসতে হয়। তেলের দামসহ নানা কারণে তাঁদের চলতে কষ্ট হচ্ছে।

একই এলাকার জেলে খলিল বলেন, অনেক কষ্ট করেও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। বড় সংসার হওয়ায় পেশা পরিবর্তনেরও সুযোগ নেই।

অন্যদিকে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে বাজারদরে। মাছ ব্যবসায়ী মেজবাহ উদ্দিন বলেন, এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম ২ হাজার টাকার নিচে নেমে আসতে পারে।

আরেক ব্যবসায়ী সম্রাট বেপারি বলেন, ৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ৭৫০ টাকা এবং ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দাম।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ইলিশের উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমেছে। এরপর থেকে উৎপাদন কমার প্রবণতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ২০২২ সালে একই সময়ে ঘাটে প্রায় ৩ হাজার মণ ইলিশ আসত। এখন আসে ৪০০ থেকে ৫০০ মণ, কখনো তারও কম। গত বছরের তুলনায় এবার ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেড়েছে।

ইলিশের উৎপাদন বাড়াতে সাগরে ট্রল জাল বন্ধ করা এবং নৌপথের ডুবোচর অপসারণ করে নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা

২০২৬ সালের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নিষেধাজ্ঞাকালে জেলার নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণের মোট ৪২ হাজার ৭৯০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ছিল ৪৫ হাজার ৬১৫ জন। পেশা পরিবর্তনসহ নানা কারণে বর্তমানে এ সংখ্যা কমেছে।

তিনি বলেন, বর্তমানে যাঁরা জেলে রয়েছেন, তাঁদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বরাদ্দ চাওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ঋণ বা কিস্তি পরিশোধের চাপের মুখে না পড়েন, সে বিষয়েও কাজ করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের দাম কমাতে হলে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। ২০২৪-২৫ অর্থবছরে চাঁদপুরে ইলিশের উৎপাদন ছিল ৩৫ হাজার ৪৭২ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৫৪ মেট্রিক টনে।

তিনি বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ায় অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মা ইলিশ ও জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় নদীতে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

লন্ডনে বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আহত ১

যুক্তরাজ্যের লন্ডনের উপমিনস্টারে একটি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাঁকে গুরুতর আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।...

Related Articles

ইউএনজিএতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায়...

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

;