জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।
ভাষণে গাজায় মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘ গাজায় সহিংসতা বন্ধে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে নারী, শিশু ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।
এ সময় তিনি পবিত্র কোরআনের সুরা আল-মায়িদাহর ৩২ নম্বর আয়াতের অংশবিশেষ উদ্ধৃত করেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করল; আর যে একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’
এরদোয়ান বলেন, কোরআনের এই বাণী শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য একটি শিক্ষা। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে ফিলিস্তিনিদের মৃত্যুকে ঠেকানো যাচ্ছে না।
তিনি আরও বলেন, গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়; এটি ব্যাপক ধ্বংস ও মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। মানবিক মর্যাদা রক্ষা এবং রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
Leave a comment