আবু হানিফ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা গেটে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।
এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক ও সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশে নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিল থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মিছিলে সলঙ্গা থানা বিএনপির ছয়টি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Leave a comment