গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুমের ঘটনায় ক্ষতিপূরণ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী সংস্থার জবাবদিহি নিশ্চিতের বিষয়গুলো যথাযথভাবে আইনে রাখা হয়নি। তার অভিযোগ, নাগরিকদের অধিকার রক্ষার নামে এমন একটি আইন করা হয়েছে, যা তাদের অধিকার খর্ব করতে পারে।
প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, সাইবার নিরাপত্তার জন্য আইন প্রয়োজন হলেও এর প্রয়োগকারী সংস্থার জবাবদিহি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বর্তমান প্রস্তাবে এসব বিষয়ের যথেষ্ট নিশ্চয়তা তিনি দেখছেন না বলে মন্তব্য করেন।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনগণের উদ্বেগ ও অধিকারকে গুরুত্ব না দিয়ে এমন আইন করা হচ্ছে, যা নাগরিক অধিকার খর্ব করতে পারে।
সরকারকে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, গুমের আইন সংশোধন করতে হবে এবং সাইবার সিকিউরিটি আইন এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। সংসদে এসব বিষয়ে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
র্যাবের পরিবর্তে নতুন বাহিনী গঠন নিয়েও সরকারের সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, র্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও নতুন নামে একই ধরনের কাঠামো রাখা হয়েছে। র্যাবের বিরুদ্ধে অভিযোগের জন্য দায়ীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।
Leave a comment