অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।
দুদকের কার্যক্রমে মনমতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে এগিয়েছে কমিশন। বর্তমানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্তে যেসব তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের প্রয়োজনে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। প্রয়োজন হলে আইনি প্রক্রিয়ার আওতায় মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানোসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
দুদক সচিব জানান, অনুসন্ধান শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
Leave a comment