পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পনা করছে এবং ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
সন্ত্রাস দমন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে।
সরকারের বয়স ছয় মাস উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থায় যে পচন ধরেছে, তা দূর করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে। একই সঙ্গে গত ছয় মাসে সাংস্কৃতিক পরিবর্তন আনা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment