মো. ইয়াছিন সরকার, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। অভিযোগ তদন্ত করে তাকে প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভুক্তভোগী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী হাসান সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জমির শ্রেণি পরিবর্তন, জমি রেজিস্ট্রি ও হস্তান্তরসহ বিভিন্ন কাজে নির্দিষ্ট অঙ্কের ঘুষ দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, চাহিদামতো টাকা দিতে রাজি না হলে ফাইল আটকে রাখা এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। মুরাদনগরে যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আদায়ের অভিযোগও করেন তারা।
বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে মুরাদনগর থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কুমিল্লার জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, “পত্রিকার নিউজ পড়ে অভিযোগগুলো জেনেছি। আজ তদন্তে এসে ভুক্তভোগীদের মুখেও একই ধরনের অভিযোগ শুনেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বক্তব্য জানতে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি ওই দিন অফিসে উপস্থিত ছিলেন না।
Leave a comment