শরীয়তপুরে ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় ২০ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়।
শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলার গাগ্রিজোড়া ও জাজিরা উপজেলার তালতলা এলাকায় এসব মিছিল হয়। মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নড়িয়ার গাগ্রিজোড়া এলাকায় মহাসড়কে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামানকে সামনে থেকে নেতৃত্ব দিতে ও স্লোগান দিতে দেখা যায়।
অন্য একটি ভিডিওতে জাজিরার তালতলা এলাকায় মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতে দেখা যায় তাদের।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সড়কে ছাত্রলীগের মিছিলের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর শরীয়তপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। একই দিন তুলাশার এলাকায় যুবলীগের নেতা-কর্মীরাও মিছিল করেন। এসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের কারাগারে পাঠানো হয়।
Leave a comment