ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ থেকে ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।
নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা রাডার প্রযুক্তির মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করে। রাতের অন্ধকার ও উত্তাল সমুদ্রে সি স্টেট-৪ পরিস্থিতির মধ্যেও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধারের পর ১২ জেলেকে প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় ট্রলারে থাকা আহত এক জেলেকে নৌবাহিনীর মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে নৌবাহিনীর পক্ষ থেকে ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে নিরাপদে দুবলার চরের বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্টের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর এ সফল উদ্ধার অভিযানে গভীর সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের দ্রুত সহায়তা দেওয়ার পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত কার্যক্রমের বিষয়টিও উঠে এসেছে।
Leave a comment