চলন্ত ট্রেনে যাত্রীদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট–সুবিধা দিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক সেবা। চারটি আন্তনগর ট্রেনে বসানো হয়েছিল প্রায় ৬০টি রাউটার। তবে কয়েক মাস না যেতেই এর ৪৫টি চুরি হয়ে গেছে। শুধু তা-ই নয়, ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেসের ছাদ থেকে খুলে নেওয়া হয়েছে একটি অ্যানটেনাও।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি বছরের ১৩ মার্চ দেশে প্রথমবারের মতো চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ট্রেন চারটি হলো—আন্তনগর পর্যটক এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।
এ সেবায় কারিগরি সহায়তা দিচ্ছে বিএসসিএল। পরীক্ষামূলক এ উদ্যোগে শুরুতে যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়। উদ্দেশ্য ছিল, ট্রেনযাত্রীদের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সুবিধা দেওয়া কতটা কার্যকর এবং দীর্ঘ যাত্রায় এ সেবা কতটা টেকসই, তা পরীক্ষা করা।
প্রাথমিকভাবে যাত্রীদের বিনা মূল্যে এ ইন্টারনেট–সুবিধা দেওয়া হচ্ছিল।
Leave a comment