কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
তিনি জানান, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয় চীনা নাগরিকের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট থেকে ওই চীনা নাগরিকেরা হোটেল সি-প্যালেসে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থানের তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়।
পুলিশ আরও দাবি করেছে, চীনা ও তাইওয়ানি নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিল। এ বিষয়ে তদন্ত চলছে।
Leave a comment