কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা কবি নজরুল মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবীপুর পশ্চিম ইউনিয়ন শাখার সভাপতি রঞ্জন কুমার পোদ্দারের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাকিব হাছান খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, কুমিল্লা জেলা ট্রাস্টি বোর্ডের সদস্য নারায়ণ চন্দ্র সরকার এবং পূর্বধইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বাণী, আদর্শ ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার আহ্বান জানান।
এ সময় মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীনদয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল, খোল-করতাল, গীতা পাঠ এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
Leave a comment