দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ উদ্যোগ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সভাপতিত্বে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণও সবুজায়নের আওতায় আসবে।
Leave a comment