একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লিখেছেন, সংসদে বিএনপির আরও সংসদ সদস্য যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মতো বক্তব্য দেওয়া শুরু করেন, তাহলে বিরোধী দলের সদস্যরা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না’ বলা শুরু করবেন।
তিনি বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর আজ প্রথমবার সংসদে গেছেন জামায়াতে ইসলামীর আমির। তাঁর সংসদে উপস্থিতিকে ঘিরে বিরোধী দলের সদস্যরা একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের বিরোধিতা করছেন।
রাশেদ খাঁনের ভাষ্য, বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিতে চাইছেন না। অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন। তবে এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা ভদ্রতা দেখিয়েছেন।
তিনি আরও লেখেন, সরকারি দলের সদস্যরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় হইচই করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের সদস্যদের বেশি যুক্তিতর্ক দিয়ে থামানোর প্রয়োজন নেই। তারা অযৌক্তিক কিছু বললেও তাদের বলতে দেওয়া উচিত। বলতে বলতেই তারা শিখবেন বলেও মন্তব্য করেন তিনি।
Leave a comment