নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে খলিলুর রহমান বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের এই দুর্যোগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের জন্য প্রার্থনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এই দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কোনো বাংলাদেশি নাগরিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে প্রয়োজনীয় সহায়তার জন্য তিনি নেপাল সরকারের সহযোগিতা কামনা করেন।
খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে নেপাল সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।
কঠিন সময়ে বাংলাদেশের সংহতি প্রকাশের জন্য নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপালি কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে কোনো সুনির্দিষ্ট সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশকে তা জানানো হবে।
ফোনালাপের সময় খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পৌঁছে দেন।
সূত্র: বাসস
Leave a comment