Home আন্তর্জাতিক তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে নিহত ৮, নিখোঁজ অনেকে
আন্তর্জাতিক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে নিহত ৮, নিখোঁজ অনেকে

Share
Share

তিব্বত সীমান্ত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিঙ জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বন্যার প্রবল স্রোতে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বিদ্যুৎ অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্প।

বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের দিক থেকে হঠাৎ বিপুল পরিমাণ পানি প্রবেশের পর বন্যার সৃষ্টি হয়। পরে পানির স্রোত নুয়াকোটসহ ভোতে কোশি ও ত্রিশুলী নদীর নিম্নাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

নেপালি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর সীমান্তের তিব্বত দিক থেকে আসা পানির স্রোতে নেপালের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র উপমহাপরিদর্শক অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিঙ জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ নেপাল পুলিশের সদস্য

বন্যায় রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। পাশাপাশি সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

ক্ষতিগ্রস্ত এলাকায় নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

নেপাল পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে এএফপিকে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। তবে বন্যাটি বড় ধরনের এবং এতে অনেক জনবসতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। নদীর তীরে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় সব সম্পদ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প

বুধবার নেপালের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে রাস্তাঘাট ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ণয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, বন্যায় অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ ও সঞ্চালন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রাসুয়াগড়ি, চিলিমে, ত্রিশুলি-৩এ, ত্রিশুলি-৩বি হাব ২২০ কেভি সাবস্টেশন, ত্রিশুলি জলবিদ্যুৎ কেন্দ্র ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্র।

এনইএ জানিয়েছে, দুর্যোগের কারণে তাদের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।

এদিকে বন্যার কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দৃশ্য

নেপাল পুলিশসহ বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে বন্যার ভয়াবহতার চিত্র উঠে এসেছে। ভিডিওগুলোতে তিব্বত সীমান্তবর্তী নেপালের পার্বত্য উপত্যকায় ঘোলা পানির প্রবল স্রোত দেখা গেছে। পানির স্রোতে বিভিন্ন স্থাপনা ও জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্যও রয়েছে।

জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মেডিকেল টিম, স্কাউট ও রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।

নেপালে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের সময় প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও এ সময়ে বন্যা ও ভূমিধস দেখা দেয়। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স, এএফপি, নেপাল নিউজ, এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক আবেদন খারিজ করে...

Related Articles

সাগরে চীনের নতুন সামরিক স্থাপনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে চীনের নতুন সামরিক...

অভিবাসী ভিসার সাক্ষাৎকারে বিশ্বজুড়ে বিরতি দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচিতে সাময়িক...

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি ৫০% শুল্ক, বাড়ছে উত্তেজনা

উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি...