অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ ম্যাচ আয়োজনের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বড় অঙ্কের ব্যয় বহন করতে হচ্ছে। এ অবস্থায় একটি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ ব্যয়ের মানসিকতা সরকারের নেই।
তবে বাফুফে বিভিন্ন স্পনসর সংগ্রহ করে ম্যাচ আয়োজনের ব্যয় মেটাতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানান তিনি।
ব্রাজিলের বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফের সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের ব্যয়ভারসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
বাংলাদেশের ফুটবলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রভাব নিয়েও সংশয় প্রকাশ করেন আমিনুল হক। তিনি বলেন, ব্রাজিল বাংলাদেশে এসে খেললে সেটি দেশের জন্য বড় অর্জন হবে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ হবে। তবে শুধু ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি।
ব্রাজিলের সফর এখনো নিশ্চিত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না, সেটা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।’
Leave a comment