যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড় এবং সামরিক হুমকি ও অভিযান বন্ধ করা।
এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। ওই সমঝোতার লক্ষ্য ছিল উত্তেজনা কমানো এবং পরবর্তী সময়ে বিস্তৃত আলোচনার পথ তৈরি করা। তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সমঝোতাটি ভেঙে পড়ে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রণালিটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে বর্তমানে স্পষ্ট বিরোধ রয়েছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করা পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রয়েছে।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। এর প্রভাব বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপরও পড়ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।
Leave a comment