ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন দাপট অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। তাঁদের মধ্যে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন। ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ায় বাংলাদেশ দলের প্রশংসা করেছেন তিনি।
মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল দলটি। কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন অশ্বিন।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক এই স্পিনার লেখেন, ‘ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য—এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। এই সংস্করণটা যেন আরও অনেক দিন বেঁচে থাকে।’
প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দারুণ শুরু এনে দেন। হাসান মাহমুদ একাই ক্যারিয়ারসেরা ৬ উইকেট নেন। এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও আধিপত্য ধরে রাখেন বাংলাদেশের ব্যাটাররা।
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।
Leave a comment