২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমানও ভারতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই ফ্লাইটে উঠতে পারেননি বলে দাবি করা হয়েছে।
ডেইলি ওয়াদা–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন সকালে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা গণভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে সঙ্গে নিতে চেয়েছিলেন। এ জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সালমান এফ রহমানকে ফোন করে দ্রুত বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানানো হয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরবর্তীতে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাতে শোনা যায়।
একটি কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই সময় সালমান এফ রহমান একটি প্রভাবশালী পশ্চিমা দেশের ভারপ্রাপ্ত দূতের সঙ্গে বৈঠকে ছিলেন। ফলে তিনি সময়মতো তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি।
প্রতিবেদন অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ প্রস্তুত থাকলেও বিক্ষোভকারীদের কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শেখ হাসিনা ও শেখ রেহানা তার জন্য অপেক্ষা না করেই দেশ ত্যাগ করেন।
উল্লেখ্য, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান শেখ হাসিনা সরকারের সময়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন এবং মন্ত্রীর মর্যাদা ভোগ করতেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র: ডেইলি ওয়াদা।
Leave a comment