জাতীয় স্টেডিয়াম এলাকায় অনিয়ম, অবৈধ দখল, মাদক ব্যবসা ও ছিনতাই ঠেকাতে শুক্রবার থেকে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে এলাকাটিকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব ‘স্পোর্টস হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্টেডিয়ামের বাইরের পরিবেশ বর্তমানে জরাজীর্ণ ও নিরাপত্তাহীন। সন্ধ্যার পর এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের তৎপরতা বাড়ার অভিযোগ রয়েছে। এসব অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথে পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশনের সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। এ ছাড়া স্টেডিয়াম এলাকার দোকানগুলোর লিজ, ভাড়া ও চুক্তিপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সরকারি রাজস্বের ক্ষতি হয়ে থাকলে তা সংশোধন করে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রাপ্য রাজস্ব নিশ্চিত করা হবে।
ক্রীড়াবিদদের বকেয়া ভাতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থা (আইবাস)–সংক্রান্ত জটিলতার কারণে আটকে থাকা ২৮ জন ক্রীড়াবিদের মধ্যে ২৬ জনের ভাতা–সংক্রান্ত সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। বাকি দুই ক্রীড়াবিদের সমস্যাও দ্রুত নিষ্পত্তি করা হবে। তিনি বলেন, কোনো ক্রীড়াবিদই তাঁর প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হবেন না।
সরকার জাতীয় স্টেডিয়াম এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
Leave a comment