ঘনঘন লোডশেডিং দূর, গ্যাস–সংকট নিরসন, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি–সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জোটের নেতা–কর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস–সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের উচ্চমূল্য, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে গ্যাস ও বিদ্যুতের সংকট, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে। জনগণের স্বার্থে অবিলম্বে লোডশেডিং কমিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।’
কর্মসূচিতে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment