শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলগুলোতে হাসপাতাল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এর ফলে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তারেক রহমান আরও জানান, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
ইত্তেফাক/এসএইচ
Leave a comment