আল আমিন খোকন, রাজবাড়ী
রাজবাড়ী সদর থানার একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুক্তার মৃধাকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুক্তার মৃধা ওই এলাকার আজাহার মৃধার ছেলে।
র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, মুক্তার মৃধার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় সাজা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তাঁকে এক বছরের এবং অন্য মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মৃধা দীর্ঘদিন আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a comment