বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ দুই দেশে সংগঠনটির তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিউভেন আজার এ কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে ইসরায়েল নজর রাখছে। তাঁর ভাষ্য, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া গেলেও আরও কিছু তৎপরতা থাকতে পারে, যা জনসমক্ষে আসেনি।
রিউভেন আজার দাবি করেন, ৭ অক্টোবরের হামলাকে অন্য সংগঠনগুলোও অনুকরণীয় মডেল হিসেবে বিবেচনা করতে পারে। তাঁর মতে, এ ধরনের সম্ভাবনা আঞ্চলিক সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয়।
সাক্ষাৎকারে তিনি আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে ইসরায়েল। একই সঙ্গে কাতারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ ইহুদিবিরোধী বক্তব্যকে উৎসাহিত করছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে সাক্ষাৎকারটি নেওয়া হয়। এ সময় রিউভেন আজার বলেন, ইরানকে নিয়ে যেকোনো আন্তর্জাতিক সমঝোতায় নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক হুমকির বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করে ইসরায়েল।
তবে বাংলাদেশ বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a comment