আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে; যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় করার এই অপচেষ্টার বিষয়ে সবাইকে তীব্র সতর্ক থাকতে হবে। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তিনি দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বগুড়ার চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে।
মীর শাহে আলম বলেন , “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় করার অপচেষ্টা চালানো হতে পারে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।” বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগবিষয়ক উন্নত চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়।
Leave a comment