ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবার রাজ্যের সবক’টি মাদ্রাসার জন্যও একই নিয়ম জারি করেছে নবগঠিত রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের সাহায্যপ্রাপ্ত কিংবা সাহায্যহীন—সব ধরনের অনুমোদিত মাদ্রাসায় এখন থেকে সকালের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) ভারতের এই ‘জাতীয় গানটি’ গাওয়া আবশ্যক করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) রাজ্য সরকারের মাদ্রাসা ডিরেক্টরেটের (অধিদপ্তর) পক্ষ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি মাদ্রাসা অধিদপ্তরের ওই আদেশের সূত্র ধরে জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু কল্যাণ বিভাগের আওতাধীন অনুমোদিত সব মাদ্রাসার জন্যই এই নতুন নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারীর সরকার বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের মোট ছয়টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক করা। পূর্ববর্তী নির্দেশনায় বলা হয়েছিল, প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের প্রাত্যহিক অধিবেশনে এই গানটি গাইতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিষয়টি স্পষ্ট করে লিখেছেন, “আগের সব নির্দেশনা খারিজ করে, পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগের অধীনে থাকা সব স্কুলে ক্লাস শুরুর আগে স্কুল অ্যাসেম্বলি বা সকালের প্রার্থনার সময় ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হল।” এর মাত্র কয়েকদিনের মাথায় এবার মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও একই নিয়মের আওতায় আনা হলো।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার তাগাদা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ গানটি ঘিরে ভারতের রাজনীতিতে দীর্ঘকাল ধরেই নানা বিতর্ক ও চাপান-উতোর চলছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই গানটি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার ‘বন্দে মাতরম’-কে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমতুল্য মর্যাদা দেন। একই সাথে দেশের সব সরকারি ও স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গেই এই গানের পূর্ণাঙ্গ ছয় স্তবক গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারও স্কুল ও মাদ্রাসায় এই নিয়ম কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিল।
Leave a comment