পার্বত্য জেলা রাঙামাটির সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলার চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত প্রায় ৫০ জন শ্রমিক একটি রিজার্ভ বাসে করে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে সাপছড়ি এলাকার একটি ঢালু ও ঝুঁকিপূর্ণ সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশের পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক কৌশলে পালিয়ে যান।
দুর্ঘটনার শিকার যাত্রী রাহুল চাকমা বলেন, “আমরা সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করি। ঈদের ছুটি কাটিয়ে কাজে ফেরার পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আমাদের উদ্ধার না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।”
কাউখালী ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল মান্নান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানিয়েছেন, দুর্ঘটনায় আহত মোট ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন। তবে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, আহতদের চিকিৎসার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া বাসের অক্ষত যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প আরেকটি বাসের ব্যবস্থা করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।
Leave a comment