পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন এনজিও কর্মকর্তা শরিফুল ইসলাম। কিন্তু পথিমধ্যে এক বেপরোয়া ঘাতক ট্রাক কেড়ে নিল সেই আনন্দ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং এক সন্তানের মৃত্যু হয়েছে।
নিহত শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। তিনি পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটাতে সকালে স্ত্রী ও দুই সন্তানসহ মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শরিফুল।
মোটরসাইকেলটি মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বেপরোয়া ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”
Leave a comment