মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়ার পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত।
পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন মুশফিক। সব কার্যক্রম শেষ করে গত শনিবার সকালে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তবে আঞ্চলিক সংঘাতের কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। দুবাইগামী ফ্লাইট মাঝপথে স্থগিত হলে বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। ফলে হাজারো যাত্রীর সঙ্গে তিনিও জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।
‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ক্রিকেটার বিপাকে পড়ার খবর দেশে পৌঁছাতেই ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকির আশ্বাস দেন বলে জানা যায়।
অবশেষে রোববার (১ মার্চ) রাতে মুশফিক ঢাকার উদ্দেশে রওনা হন। সোমবার (২ মার্চ) সকালে তিনি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। তার নিরাপদ প্রত্যাবর্তনের খবরে পরিবার, সতীর্থ ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
Leave a comment