টেলিভিশন সাক্ষাৎকারে বিজেপি নেতা ও রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সাবেক প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং দাবি করেছেন, তিনি একবার ‘আত্মরক্ষা’ বা ‘প্রতিশোধ’ হিসেবে একজনকে হত্যা করেছিলেন।
ব্রিজ ভূষণ শরণ সিং দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাংবাদিক চিত্রা ত্রিপাঠির প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরপ্রদেশের গ্যাং–সংঘাতের প্রেক্ষাপটে একবার তিনি গুলি চালান।
তার ভাষ্য অনুযায়ী,“আমার এক বন্ধুকে গুলি করা হয়েছিল। আমার দিকেও যখন বন্দুক তাক করা হয়, আমিও গুলি করি। একে আত্মরক্ষা বলুন বা প্রতিশোধ—আমি একজনকে হত্যা করেছি।”
শাস্তি ভোগ করেছেন কি না বা অনুশোচনা আছে কি না—এ প্রশ্নে তিনি জানান, তার কোনো অনুশোচনা নেই।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি উদাহরণ দেন—“ধরুন, কাউকে কেউ আঘাত করলো। সেটা দেখে কি আমি চুপ করে থাকবো?” তার এই মন্তব্য ভারতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া-এর সভাপতি হিসেবে ব্রিজ ভূষণ শরণ সিং ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়ে ভারতীয় কুস্তিগীররা অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছেন।
তবে ২০২৩ সালে একাধিক নারী কুস্তিগীর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয় এবং ভারতের ক্রীড়া প্রশাসন নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।
সাক্ষাৎকারে দেওয়া সাম্প্রতিক মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a comment