প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আজ ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর সুবিধা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। এ জন্য ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। জাতির ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি জানান, কল্যাণ ট্রাস্টের আওতায় সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে। তবে শিক্ষকদের পাওনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. মিলন অভিযোগ করেন, ‘বিগত সরকার এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।’ তিনি বলেন, আটটি ব্যাংকে থাকা প্রায় ৫৮ কোটি ৭৯ লাখ টাকা উদ্ধারের সম্ভাবনা কম। তবে সরকারি ব্যাংকে থাকা কিছু অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে দেওয়া ৬ ও ৪ শতাংশ অনুদান এবং প্রধানমন্ত্রীর দেওয়া বন্ড মিলিয়ে কল্যাণ ট্রাস্টের প্রায় ৮৮ হাজার কোটি টাকার বন্ড সম্পদ রয়েছে। এসব সম্পদ থেকে পাওয়া আয় দিয়ে পর্যায়ক্রমে শিক্ষকদের বাকি পাওনা পরিশোধ করা হবে।
তিনি বলেন, আগামী বছর থেকে ধাপে ধাপে বাকি সুবিধাভোগীদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের অবসরজীবনে সম্মানজনক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতেও তাদের সম্মাননা ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
Leave a comment