ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬ থেকে ৭ জন শিকারি সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, টহলের সময় বনরক্ষীরা একটি সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দেন। এ সময় ট্রলারে থাকা ৬ থেকে ৭ জন ব্যক্তি সেটি বনের পাড়ে ভিড়িয়ে সুন্দরবনের ভেতরে পালিয়ে যান। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চার বস্তা ভর্তি বিপুল পরিমাণ হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও নিয়মিত নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিকারিরা সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকারের উদ্দেশ্যে এসব ফাঁদ নিয়ে যাচ্ছিল।
অভিযানের সময় সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে বনরক্ষীরা সেটিকে উদ্ধার করে শেলারচরে নিয়ে আসেন। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। ট্রলারে থাকা বরফের বাক্সসহ কিছু সরঞ্জাম পানিতে ভেসে যায় বলে বন বিভাগ জানিয়েছে।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। হরিণ শিকারসহ বন্যপ্রাণী পাচার ও শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment