বলিউডের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে এবার নাম লিখিয়েছেন বলিউড তারকা সালমান খানের বোন অর্পিতা খান। তবে অভিনয়ের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সালমানের বোন হিসেবেই তাঁর পরিচিতি বেশি।
মুম্বাইয়ের পশ্চিম খারে অর্পিতার একটি অভিজাত রেস্তোরাঁ রয়েছে। ২০২৫ সালের শুরুতে চালু হওয়া ‘মার্সি’ নামের রেস্তোরাঁটি অল্প সময়ের মধ্যেই ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সেখানে খেতে হলে বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করতে হয়। রেস্তোরাঁটির মেনুতে থাকা কিছু খাবার ও পানীয়ের দাম শুনলে চমকে উঠতে পারেন অনেকে।
মাছ ও সামুদ্রিক খাবারের দাম
অর্পিতার রেস্তোরাঁয় ‘সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার’ নামে মাছের একটি পদ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১০ হাজার টাকা। একই দামের আরেকটি পদ হলো ‘ট্রাফল পাস্তা ফ্রম হুইল’।
সামুদ্রিক খাবারের মধ্যে ‘তেরিয়াকি স্যামন’ পাওয়া যায় প্রায় ৪ হাজার টাকায়।
লাখ টাকার পানীয়
খাবারের পাশাপাশি ‘মার্সি’তে বিভিন্ন ধরনের পানীয়ও পরিবেশন করা হয়। রেস্তোরাঁটির সবচেয়ে দামি শ্যাম্পেনের এক বোতলের দাম প্রায় ২ লাখ টাকা। এক বোতল রেড ওয়াইনের দাম প্রায় দেড় লাখ টাকা।
রেস্তোরাঁটিতে এশীয়, ভারতীয় ও ইউরোপীয় বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়।
অর্পিতা অভিনয়জগতের সঙ্গে যুক্ত নন। তাঁর স্বামী আয়ুষ শর্মা অবশ্য অভিনয় করেন। তাঁকে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে। সালমান খানের সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
২০১৪ সালে অর্পিতা ও আয়ুষের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান—আহিল ও আয়াত শর্মা।
Leave a comment