সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে সেখান থেকে নৌপথে মোংলা বন্দরে যাবেন তিনি। সফরে বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের বিষয়টিও রয়েছে।
নির্বাচনের পর সরকারপ্রধানের প্রথম খুলনা ও মোংলা সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সুন্দরবনের পর্যটন, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দাকোপের নলিয়ানে প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।
দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন। এটি সরকারি সফর। সেখানে স্থানীয় কোনো কর্মসূচি থাকবে না। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষ তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন তিনি। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এ সময় বন্দরের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরকেন্দ্রিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর পরিদর্শন ও অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা পর্যালোচনার মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাচ্ছে।
Leave a comment