নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হতো। কিন্তু জয়ের লক্ষ্য পূরণ তো দূরের কথা, ম্যাচে লড়াইয়ের তেমন কোনো ছাপই রাখতে পারেনি বাংলাদেশ।
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজে তৃতীয় হয়েছে তাওহিদ হৃদয়ের দল।
বাংলাদেশের এমন পারফরম্যান্সের কারণ নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ। এর মধ্যেই সামনে এসেছে নতুন এক অভিযোগ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের রাতে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার নাকি দুবাইয়ের একটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ কাভার করতে যাওয়া এক বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক নিজের ইউটিউব চ্যানেলে এ দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ক্রিকেটারদের কেউ কেউ স্বর্ণের দোকানেও গিয়েছিলেন। দলের আরেকটি দল টিম হোটেল থেকে প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দূরের একটি রেস্তোরাঁয় খাবার আনতে গিয়েছিল বলে দাবি করা হয়েছে। পরে ক্রিকেটবিষয়ক একটি অনলাইন সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডের অভিযোগে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক পরিচালক ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা বেশ বিব্রতকর এবং এ ধরনের কাজ কাম্য নয়। আমাদের খেলোয়াড়েরা কি জেনেশুনে এমন করছেন, নাকি না বুঝে করছেন? এ ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টেরও সতর্ক হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘কেউই এসব কাজ সমর্থন করবে না। এমনকি দল জিতলেও ম্যাচের আগের দিন কেনাকাটা করতে যাওয়া, ঘোরাঘুরি করা কিংবা এভাবে বাইরে সময় কাটানো কেউই সহজভাবে নেবে না। শুধু সাধারণ মানুষই নয়, বোর্ডের লোকজনও বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন।’
Leave a comment