সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দুটি টহল দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
এ ছাড়া তলুইগাছা বিওপির একটি দল সাতক্ষীরা সদরের নটিজঙ্গল এলাকা এবং মাদরা বিওপির আরেকটি দল কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, জব্দ করা ভারতীয় পণ্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment