মো. ইয়াছিন সরকার, কুমিল্লা
২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজীকে সৌদি আরব পর্বে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বাবদ মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সৌদি আরব পর্বে বরাদ্দ করা অর্থের মধ্যে যে অর্থ ব্যয় হয়নি, সেই অব্যয়িত অর্থই হাজীদের ফেরত দেওয়া হচ্ছে। হাজীদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশেও ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনার হাজীদের অনুকূলে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত নোটিশটি গত ২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
এর আগে ২০২৫ সালেও সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজীদের হজের খরচ নির্বাহ শেষে অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হয়েছিল। ওই বছর প্রায় ৮ কোটি ২৮ লাখ টাকা হাজীদের ফেরত দেওয়া হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ উদ্যোগকে সরকারি হজ ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Leave a comment