মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা
দেশের বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানায় আরও ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। উপজেলার ১২৯টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি ও কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, হেফাজতে ইসলাম কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও মুরাদনগর বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি আমজাদ হোসেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মুজিব মেম্বার, বিএনপি নেতা মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট মুরাদনগর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার আরও ১০ হাজার চারা বিতরণের ফলে তাঁর ব্যক্তিগত উদ্যোগে মুরাদনগরে এ পর্যন্ত মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হলো।
Leave a comment