জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি চাঞ্চল্যকর কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের মধ্যকার কথোপকথনের সেই অডিও রেকর্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সরাসরি পেটানো ও মেরে ফেলার নির্দেশের প্রমাণ উঠে এসেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউশন এই অডিও আলামতটি জমা দেয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার প্ররোচনা দিতে এবং আন্দোলন দমাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের ফোন করেছিলেন ওবায়দুল কাদের।
কল রেকর্ডের বিবরণ অনুযায়ী, তৎকালীন ওবায়দুল কাদের ফোনের অপর প্রান্তে থাকা সাদ্দাম হোসেনের কাছে শিক্ষার্থীদের সমাগম ও অবস্থান সম্পর্কে জানতে চান। সাদ্দাম যখন জানান যে আনুমানিক তিন হাজার শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে, তখন উসকানিমূলক সুরে ওবায়দুল কাদের জানতে চান, ‘ওদের পিটাও না কেন? মারো না কেন?’ উত্তরে সাদ্দাম পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞার কথা জানালে কাদের পুনরায় আক্রমণাত্মক ভঙ্গিতে তাদেরকে আঘাত করার নির্দেশ দেন।
কথোপকথনে আরও শোনা যায়, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান জানান যে তারা রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের মোকাবিলা করতে চাইলেও পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের শাহবাগের দিকে যেতে বাধা দিয়েছিলেন। জবাবে ওবায়দুল কাদের পুলিশের এমন নির্দেশনায় বিস্ময় প্রকাশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কল রেকর্ড দাখিলের পর জুলাই গণহত্যার বিচারিক প্রক্রিয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে যুক্ত হলো।
Leave a comment