নওগাঁর ধামইরহাটে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য রেখে বিক্রি করা হচ্ছে। পরে রাত ১০টার দিকে ওই গ্রামের ফয়সাল আহমেদের (৩২) বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানোর সময় মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ফয়সাল আহমেদ ও তাঁর সহযোগী মনোয়ার হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ফয়সাল আহমেদ ধুরাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার মনোয়ার হোসেন একই গ্রামের আবু বক্করের ছেলে।
Leave a comment