একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রুদের কথা শুনবেন না। তারা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। যারা আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম ও দেশের অর্থ লুটপাট করেছে, সেই ফ্যাসিস্টদের সঙ্গেই তারা একাকার হয়েছে।’
তিনি আরও বলেন, ভারত থেকে ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে হুংকার দেওয়া হচ্ছে এবং দেশের ভেতর থেকেও ডিসেম্বরে সরকারের পতনের কথা বলা হচ্ছে। তার দাবি, ‘দুই অপশক্তি’ এখন একত্রিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সকল নেতাকর্মী ও নেতৃত্ব সজাগ ও সতর্ক রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালে এ দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। তাই ভারতের কোনো ধরনের প্রভুত্ব মেনে বাংলার জনগণ কখনোই বাংলাদেশে বাস করবে না।’
Leave a comment