রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল কাশির সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর কাছ থেকে কাশির সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাম রব্বানী শামীম মুঠোফোনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে দাবি পুলিশের।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment