ঈদের আনন্দ নিমেষেই রূপ নিলো চিরন্তন বিষাদে। নানার বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিরতরে ওপারে পাড়ি জমালো তিন বছর বয়সি শিশু রুহান এবং তার বাবা মো. জাহাঙ্গীর (৩১)। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জ-আলালপুর সড়কের আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা থেকে এসে ময়মনসিংহ হয়ে অটোরিকশাযোগে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো দুটি তাজা প্রাণ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আলালপুর আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যানের সাথে জাহাঙ্গীরদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থালেই প্রাণ হারান বাবা জাহাঙ্গীর ও তার শিশুসন্তান রুহান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেওয়ার পাশাপাশি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও যানবাহন দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সংবাদমাধ্যমকে জানান, “আলালপুর আমতলা এলাকায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সি ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
Leave a comment