নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা সড়কের নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে মধ্যরাতে ফেরার পথে মাছ ধরার দৃশ্য দেখতে গাড়ি থামালেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে নওগাঁয় ফেরার পথে নজিপুর পৌরসভা পার হওয়ার পর সড়কের পাশে সারিবদ্ধ কয়েকটি মিনি ট্রাক দেখতে পান পুলিশ সুপার। রাতে এতগুলো ট্রাক দেখে সেখানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে কি না, তা জানতে তিনি গাড়ি থামিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরে তিনি দেখতে পান, একটি দিঘির পাশে কয়েকজন শ্রমিক জাল দিয়ে মাছ ধরছেন। ধরা পড়া মাছ বিভিন্ন মিনি ট্রাকে তুলে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল।
পুলিশ সুপার গাড়ি থেকে নেমে মাছ ধরা ও বাজারজাত কার্যক্রম সরেজমিনে দেখেন। গাড়ির আলো ও টর্চের আলোয় শত শত পাঙ্গাস মাছের পাশাপাশি বেশ কিছু বড় শিং মাছও ধরা পড়তে দেখা যায়।
এ সময় তিনি মাছের মালিক, মহাজন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাছ সরবরাহের সময় তাদের নিরাপত্তা নিয়েও খোঁজখবর নেন। পরে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকটি শিং মাছ কিনে নেন তিনি।
মধ্যরাতে পুলিশ সুপারকে কাছে পেয়ে মাছ ব্যবসায়ী ও শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন। তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর নওগাঁর উদ্দেশে রওনা হন পুলিশ সুপার।
Leave a comment