সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১০ জুন) দুপুরে নগরভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের পক্ষ থেকে সিসিক প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে শিক্ষা উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সমাজের অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেট সিটি করপোরেশনও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সামছুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বশীর আহমদ, সহযোগী অধ্যাপক সুমিত্রা রায়, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাম্মৎ নাহিদা আখতার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন এবং মাউশির সহকারী পরিচালক প্রতাপ চৌধুরীসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।
Leave a comment