ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিস। তিনি ফরাসি দ্বিতীয় বিভাগের ক্লাব গ্যাংগাম্পের রিজার্ভ দলের খেলোয়াড় ছিলেন।
ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার লিয়নের কাছে রোন নদীর একটি নিষিদ্ধ সাঁতার এলাকায় ডুবে যান কেনজো। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরে তাঁকে ব্রেইন ডেড ঘোষণা করেন। বুধবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
কেনজোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর বর্তমান ক্লাব গ্যাংগাম্প এবং সাবেক ক্লাব সেন্ট-এতিয়েন। সেন্ট-এতিয়েনের একাডেমিতে তিনি সাত বছর প্রশিক্ষণ নিয়েছিলেন।
এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, জাতীয় তাপমাত্রা সূচক ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা নতুন রেকর্ড।
ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় তা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে অস্বাভাবিক গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে অনেক মানুষ নদী ও জলাশয়ে নামছেন। তবে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে অনিরাপদ স্থানে সাঁতার কাটার কারণে গত এক সপ্তাহে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, ডুবে মৃত্যুর বেশির ভাগ ঘটনাই ঘটেছে তরুণদের মধ্যে। এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় ফুটবলার কেনজো কিসের মৃত্যু ফরাসি ফুটবল অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইএসপিএন।
Leave a comment